নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে দেশে ফিরে বিদায়ী সিরিজ খেলা এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, সরকার যদি তার নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে তিনি দেশে ফিরতে, আদালতের মুখোমুখি হতে এবং প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত। শ্রীলঙ্কা থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি।

সাকিব জানান, তিনি দ্রুত দেশে ফিরতে চান। তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন। দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, সেখানে তিনি শুধু শান্তি ও বাংলাদেশের অগ্রগতির কথা বলেছেন এবং এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই।

সাবেক এই অধিনায়ক জানান, আগের অন্তর্বর্তী সরকারের সময়ে আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পুলিশের কাছে তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো প্রত্যাহারের আবেদন করেছিলেন। তবে কোনো সাড়া পাননি।

দেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী বলেও জানান সাকিব। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে সাকিব বলেন, তিনি এখনও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন এবং ভালো পারফর্ম করছেন। তবে বয়সের বিষয়টি বিবেচনায় নিয়ে খুব বেশি সময় অপেক্ষা করতে পারবেন না বলেও জানান তিনি।

সাকিব দাবি করেন, ২০২৪ সালের শেষ দিকে নিরাপত্তার আশ্বাস পেয়ে দেশে ফেরার জন্য বিমানে উঠেছিলেন তিনি। তবে পরে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পর তাকে ফিরে যেতে বলা হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর পরও দেশে ফেরার পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছিল বলে জানান তিনি।

বর্তমানে তার বিরুদ্ধে দুটি মামলা সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন সাকিব। এর মধ্যে একটি ছাত্র-জনতার আন্দোলনের সময় একজনের মৃত্যুর ঘটনায় এবং অন্যটি দুর্নীতি সংক্রান্ত অভিযোগে। তিনি এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিতে প্রস্তুত বলেও জানান।

সাকিব আরও বলেন, দীর্ঘদিন ধরে তার ব্যাংক হিসাব তদন্তের কারণে জব্দ রয়েছে। তিনি দাবি করেন, গত কয়েক বছর ধরে নিয়মিত কর পরিশোধ করে আসছেন এবং তদন্তে কোনো অনিয়ম না পাওয়া গেলে হিসাব স্বাভাবিক করার আহ্বান জানান।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব জানান, প্রায় দুই বছর ধরে দেশে থাকা বাবা-মায়ের সঙ্গে তার দেখা হয়নি। পুরো পরিস্থিতি কঠিন হলেও তারা তা মোকাবিলা করছেন বলেও মন্তব্য করেন তিনি।