কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচারের অভিযোগে শাকিলা খাতুন (২৩) নামে এক তরুণীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে চিকিৎসকদের সহায়তায় তার পেট থেকে আরও ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক। এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকে নুর কামালের শেডে অভিযান চালিয়ে শাকিলাকে আটক করা হয়। তিনি ঢাকার গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ বাঘিয়া নীলনগর এলাকার সাইদুর ইসলাম ও হাওয়া বেগমের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় ব্লকের মাঝি ও হেড-মাঝিদের উপস্থিতিতে শাকিলাকে আটক করা হয়। তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা জানান, তার শরীরের ভেতর আরও ইয়াবার প্যাকেট রয়েছে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়। চিকিৎসকদের সহায়তায় তার শরীর থেকে আরও ৬২টি প্যাকেট উদ্ধার করা হয়।

পুলিশের হিসাবে, বাইরে থেকে উদ্ধার করা ২০টি এবং পরে উদ্ধার করা ৬২টি প্যাকেটসহ মোট ৮২টি প্যাকেটে ৪ হাজার ১০০ পিস ইয়াবা পাওয়া গেছে। উদ্ধার করা ইয়াবা জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় পানবাজার পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি উখিয়া থানায় পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, এপিবিএনের পক্ষ থেকে ঘটনাটি জানানো হয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই তরুণীকে থানায় হস্তান্তর করা হয়নি। হাসপাতালে চিকিৎসা শেষে তাকে থানায় সোপর্দ করা হলে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।