কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় এক দশক পর তদন্তে নতুন অগ্রগতির তথ্য জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার গুরুত্বপূর্ণ আলামতের ডিএনএ বিশ্লেষণে পাঁচজনের শুক্রাণু এবং এক ব্যক্তির রক্তের অস্তিত্ব পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এ তথ্যের ভিত্তিতে ছয়জনের সম্পৃক্ততার বিষয়টি সামনে রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
শুক্রবার (৭ আগস্ট) মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে আদালতের নির্দেশনা অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।
তদন্ত সূত্র জানায়, ইতোমধ্যে আদালতের অনুমতি নিয়ে কয়েকজন সাবেক সেনাসদস্য ও একজন বেসামরিক ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৭ জুলাই আরও দুজনের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেন আদালত। তাদের মধ্যে রয়েছেন কুমিল্লার ফয়সাল আহমেদ রাব্বি এবং সিরাজগঞ্জের সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম। তবে তদন্তের স্বার্থে আরেক সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি।
ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে গত এপ্রিলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই। তদন্তে উঠে এসেছে, মামলার দুই গুরুত্বপূর্ণ সন্দেহভাজন সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান জাহিদ ও সাবেক সেনাসদস্য শাহীন আলম দেশের বাইরে চলে গেছেন। তাদের একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে।
পিবিআই জানিয়েছে, প্রযুক্তিগত অনুসন্ধানে শাহীন আলমের সর্বশেষ অবস্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত শনাক্ত করা হয়েছে। তবে তার ব্যবহৃত মোবাইল নম্বর বর্তমানে বন্ধ রয়েছে।
তনুর বাবা ইয়ার হোসেন অভিযোগ করেন, শুরু থেকেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। তিনি দাবি করেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ জরুরি। তনুর মা আনোয়ারা বেগমও মেয়ের হত্যাকারীদের বিচার দাবি করেছেন।
২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে ওই রাতেই সেনানিবাসের পাওয়ারহাউস এলাকার ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘদিন পর ডিএনএ বিশ্লেষণের নতুন তথ্য মামলার তদন্তে নতুন মোড় তৈরি করেছে।