ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা ঐশী। মঙ্গলবার (১১ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ।

ঐশীর মৃত্যুতে মাইলস্টোন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্কুলসংশ্লিষ্টরা।

এদিকে, মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৭৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।