সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক বছর আগে অভিনেতা আশরাফুল হক ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ছবি ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ছবিতে থাকা নারীকে সালমান শাহর স্ত্রী সামিরা বলে দাবি করা হলেও পরে ছবিটির পরিচয় নিয়ে ভিন্ন তথ্য সামনে আসে।

সালমান শাহর মৃত্যুর পর সামিরাকে বিয়ে করেছিলেন তার বন্ধু মোস্তাক ওয়াইজ। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। ভাইরাল ছবিটি নিয়ে আলোচনার সময় মোস্তাক ওয়াইজ দাবি করেন, ছবিতে ডনের সঙ্গে থাকা নারী সামিরা নন, তিনি অভিনেত্রী সাবরিনা।

মোস্তাকের ভাষ্য অনুযায়ী, ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালে ছবিটি তোলা হয়েছিল। ওই সিনেমায় সালমান শাহ ও শাবনাজ ছিলেন মূল নায়ক-নায়িকা, আর সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকা। শুটিংয়ের সময় দুষ্টুমি করে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে সালমান শাহ ছবিটি তুলেছিলেন বলেও দাবি করেন তিনি।

মোস্তাক আরও দাবি করেন, ডনের সঙ্গে সামিরার একটি ছবি থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ছবিগুলো ফটোশপের মাধ্যমে তৈরি। তার ভাষ্য, ডনের সঙ্গে সামিরার নামে ছড়ানো ছবিগুলো ‘ফটোশপের কারসাজি’।

অন্যদিকে, সামিরাও তখন ভাইরাল ছবি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। তার দাবি, নিজের একটি ছবি ব্যবহার করে তার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ডন তার কাছে ছোট ভাইয়ের মতো ছিলেন এবং প্রতি ঈদে তাকে সালাম করতেন।

সামিরা আরও জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছেন এবং ডিবির জিজ্ঞাসাবাদেও সহযোগিতা করেছেন।

১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন সালমান শাহ ও সামিরা। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যু ঘিরে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক চলে আসছে।