জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে নারীদের অংশগ্রহণ ও আয়োজকদের ব্যবহারের প্রশংসা করেছেন ফেরদৌস উশা নামের এক নারী সংবাদকর্মী। শনিবার (৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশংসা করেন।
ফেরদৌস উশা তার পোস্টে লিখেছেন, জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচির সংবাদ সংগ্রহে এখন নিয়মিত নারীরা অংশ নিচ্ছেন এবং তারা আধুনিক পোশাকেই আসছেন। কাকরাইলে আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে উপস্থিতদের আচরণ ও ব্যবহারেরও প্রশংসা করেন তিনি।
সম্মেলনে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, কাকরাইলের আইডিইবিতে আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে উপস্থিত সবাই তার সঙ্গে অত্যন্ত অমায়িক আচরণ করেছেন।
পোস্টে এই গণমাধ্যমকর্মী আরও দাবি করেন, জামায়াতে ইসলামীর সাংগঠনিক শৃঙ্খলা ভালো থাকায় সম্মেলন ও সমাবেশ কাভার করতে তাকে কোনো ধরনের সমস্যার মুখে পড়তে হয়নি। তার মতে, সাংগঠনিক শৃঙ্খলা, জনসম্পৃক্ততা ও কৌশলগত রূপান্তরের মাধ্যমে আগামী দিনে জামায়াতে ইসলামীর রাজনীতি আরও গণমুখী হয়ে উঠতে পারে।