নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা বাজার থেকে জলছত্র মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির দুই পাশে তিন ফুট করে প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দীর্ঘদিন ধরে পাঁজরভাঙ্গা বাজার থেকে জলছত্র মোড় পর্যন্ত সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। সড়কটি সংকীর্ণ হওয়ায় যান চলাচলে প্রায়ই ভোগান্তি সৃষ্টি হতো। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও ছিল। অবশেষে প্রশস্তকরণ কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।
এলাকাবাসী আশা করছেন, সড়কটি প্রশস্ত হলে যান চলাচল আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে। একই সঙ্গে উন্নত যোগাযোগব্যবস্থার কারণে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। বক্তারা বলেন, এ ধরনের জনবান্ধব উন্নয়ন কার্যক্রম মান্দার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ কমাতে সহায়ক হবে।