মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনার জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী একটি বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

জানা যায়, এর আগে ঢাকার হেমায়েতপুর এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটির আরোহী ছিলেন সিংগাইরের ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার ইদ্রিস আলীর ছেলে কাউসার।

পরে কাউসার বাসটিকে অনুসরণ করে ভূমদক্ষিণ এলাকায় পৌঁছান। সেখানে তিনি অজ্ঞাত আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে বাসটির গতিরোধ করেন এবং জানালার গ্লাস ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এ সময় গ্যাস পাইপ ব্যবহার করে বাসটিতে হামলা চালানো হয়।

হামলায় বাসে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিম্বি আক্তার ও ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূর্ণিমা আক্তারসহ পাঁচজন আহত হন। পরে তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।