চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ বকসকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস ক্লাবে মদ্যপ অবস্থায় ঢুকে বিশৃঙ্খলা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে নগরীর আসকার দিঘীর পাড়ের এসএস খালেদ রোডে ফ্রেন্ডস ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। পরে শনিবার (৯ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাহেদ বকসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাহেদ বকস উচ্চস্বরে গালিগালাজ করতে করতে একটি কক্ষের দরজায় বারবার লাথি দিচ্ছেন। এ সময় তার আচরণ ছিল অসংলগ্ন এবং হাতে একটি মদের গ্লাস দেখা যায়। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ফ্রেন্ডস ক্লাবের ভেতরেই ঘটনাটি ঘটে।

তবে সাহেদ বকসকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর।

সাহেদ বকস চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্করের নেতৃত্বাধীন চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।