গাজীপুরের শ্রীপুরে কৃষক আব্দুস সামাদ মোল্লার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ১৭ ভরি সোনা, নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান কাপড়চোপড় লুট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের পাঁচুলটিয়া (মোল্লাবাড়ি) গ্রামের কৃষক আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতির পর মোল্লাবাড়িসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কৃষকের স্ত্রী সুরাইয়া বেগম জানান, রাত ২টার দিকে ঘরের বাইরে বিকট শব্দ শুনতে পান তারা। কিছুক্ষণ পর ঢেঁকি দিয়ে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা চার ডাকাত ভেতরে প্রবেশ করে। এ সময় দা ও ছুরি দেখিয়ে আব্দুস সামাদ মোল্লা ও তার স্ত্রীকে জিম্মি করা হয়। পরে ডাকাতরা ঘরের আসবাবপত্র তছনছ করে মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকে।
সুরাইয়া বেগমের দাবি, ডাকাতরা দ্রুত সোনা বের করে দিতে চাপ দেয়। তা না হলে তাদের সঙ্গে থাকা নাতি-নাতনিদের তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে ডাকাতরা ১৭ ভরি সোনা, নগদ এক লাখ টাকা, একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও মূল্যবান কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায়।
কৃষক আব্দুস সামাদ মোল্লা জানান, তার এক ছেলে ও তিন মেয়ের স্বামী সৌদি আরবে প্রবাসী। পরিবারের সদস্যদের স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী তার বাড়িতে রাখা ছিল। পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় তার তিন মেয়ে সন্তানদের নিয়ে দুই দিন আগে বাড়িতে এসেছিলেন। ডাকাতরা তার বড় মেয়ে মুক্তা বেগমের সাত ভরি, সাদিয়া আক্তারের সাত ভরি এবং ছোট মেয়ে সাথি আক্তারের তিন ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে গেছে।
খবর পেয়ে শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।