মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কুতুব আলী একাডেমির মাসিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কুতুব আলী একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন একাডেমির প্রধান শিক্ষক বদরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একাডেমির সহকারী শিক্ষক মিজানুর রহমান ও আশরাফুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সন্তানের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ফলাফলের প্রত্যাশা না করে সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের কথা শুনতে হবে, সময় দিতে হবে এবং ভুল থেকে শেখার সুযোগ করে দিতে হবে। একই সঙ্গে সন্তানের সামর্থ্য বুঝে প্রত্যাশা নির্ধারণ এবং তুলনা না করে উৎসাহ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাসিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি তাদের পড়াশোনা, নিয়মিত উপস্থিতি ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, চাপ সৃষ্টি না করে ভালোবাসা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সন্তানদের এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠান শেষে মাসিক মূল্যায়ন পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী এবং সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।