নোয়াখালীর সদর উপজেলায় জামিনে কারামুক্ত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার নেতাকর্মী আটক হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের ছেরাজল হক চৌধুরী (৬৩), মেহেদী হাসান হৃদয় (২০), ফারুক হোসেন (১৮) ও মো. নাজিম (১৮)। পুলিশ জানিয়েছে, তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন জুমার নামাজ শেষে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে প্রায় তিন হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ওই কর্মসূচিকে কেন্দ্র করে পুরো উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

রোববার ওই আসামিদের মধ্যে চারজন জামিনে কারামুক্ত হলে তাদের বরণ করতে এক ব্যাগ ফুলের মালা নিয়ে জেলা কারাগারের ফটকে অবস্থান নেন দলটির কয়েকজন নেতাকর্মী। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে ফুলের মালাসহ চারজনকে আটক করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, স্বজনরা একজন কারামুক্ত ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বরণ করতে আসতে পারেন। কিন্তু আটক ব্যক্তিরা এক ব্যাগ ফুলের মালা নিয়ে এসেছিলেন এবং তারা জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয়-স্বজন নন। বিভিন্ন এলাকা থেকে এসে তারা ছবি তুলে শোডাউন করার চেষ্টা করছিলেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।