রাজধানীতে মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমান মিজান ওরফে ‘ভাইরাল মিজানকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর ডিএমপির ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।

এ সময় মিজান কর্মকর্তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে আটক করে কাফরুল থানায় নেওয়া হয়।

সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মিজানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। কাফরুল থানার এএসআই নাজমা আক্তার জানান, ডিএমপির ভ্রাম্যমাণ আদালত মিজানকে ১৫ দিনের সাজা দিয়েছেন। সাজা ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালাতেন মিজানুর রহমান মিজান। মাত্র ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে ভাত, আলু ও ডাল বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। তার দোকানের খাবারের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর অল্প সময়ের মধ্যেই ‘ভাইরাল মিজান’ নামে পরিচিতি পান তিনি।