জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গান পরিবেশন করতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। মঞ্চে গান গাওয়ার সময় দর্শকসারি থেকে তাকে লক্ষ্য করে পানির বোতল ছোড়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ঘটনার প্রতিবাদ জানিয়েছেন শোবিজ অঙ্গনের অনেকে। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন সংগীতশিল্পী হাসান। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার পর নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি তিনি আগে কখনো হননি।

হাসান বলেন, ঘটনাটি তার কাছে অত্যন্ত অপ্রত্যাশিত। দীর্ঘদিন ধরে বাংলা ব্যান্ড সংগীতের সঙ্গে যুক্ত থাকার সময়ে নানা ধরনের অভিজ্ঞতা হলেও মঞ্চে কোনো শিল্পীকে লক্ষ্য করে বোতল ছোড়ার ঘটনা তিনি কখনো দেখেননি বা ভাবেননি।

তবে ঘটনার জন্য কাউকে কঠোরভাবে দোষারোপ না করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কথা জানিয়েছেন তিনি। তার বিশ্বাস, যিনি এমনটি করেছেন, তিনি হয়তো না বুঝেই কাজটি করেছেন।

ভবিষ্যতে দেশের কোনো শিল্পী যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন, সে আহ্বানও জানিয়েছেন হাসান। তার ভাষ্য, কনসার্টে আসা দর্শকদের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের এবং সবার জন্যই গান করেন। বিনিময়ে তারা মানুষের ভালোবাসা ও সম্মান প্রত্যাশা করেন। কোনো শিল্পীকে অসম্মান করা বা অপ্রীতিকর পরিস্থিতির মুখে ফেলা উচিত নয়।

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার না করার আহ্বান জানিয়ে হাসান বলেন, একজন শিল্পী কয়েক বছরের জন্য নয়, আজীবনের জন্য শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের অংশ নিতে হয়। তাই কোনো একটি আয়োজনে অংশ নেওয়ার কারণে তাকে রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়।

তিনি আরও বলেন, শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং কনসার্টে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করাও দর্শক ও আয়োজকদের দায়িত্ব।