নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নিয়োগ বাণিজ্যের জায়গাটাকে অনেকেই ‘মধুর চাক’ মনে করেন। সেখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় চুরি-চামারি ও লুটপাট শুরু হয়েছে। চাঁদাবাজদের হাত বন্ধ করতে হবে এবং দুর্নীতিবাজদের হাতও বন্ধ করতে হবে। নিয়োগ বাণিজ্যসহ সব ধরনের অনিয়মের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্ব দেন তিনি।
দেশের মানুষের স্বার্থে প্রয়োজনে একবার নয়, শতবার রাজপথে নামার কথাও বলেন জামায়াতে ইসলামীর আমির।
তিনি আরও বলেন, দেশের মানুষের বিরুদ্ধে যারা যাবে, তাদের এই দেশে থাকা হবে না। এটি পালানোর পথ। দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না।
জনসভায় তার বক্তব্যকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।