স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাইমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আইবিএর পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় সাইমন শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। এভাবে তার চলে যাওয়া মেনে নেওয়া খুবই কষ্টকর। মরদেহ সাইমনের চট্টগ্রামের বাসায় নিয়ে যাওয়া হবে।

জানা গেছে, গত ৮ আগস্ট হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে সাইমনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে পরদিন ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়।

পরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয় সাইমনকে। সেখানে চিকিৎসাধীন থাকার চার দিনের মাথায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তরুণ এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।