নীলফামারীর ডিমলায় ঝুঁকিপূর্ণ একটি কাঠের ব্রিজ পরিদর্শনে গিয়ে ভাঙনের ঘটনায় তিনজন আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাউতারা নদীর ওপর স্থায়ী ব্রিজ না থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। পরে স্থানীয়রা নিজেদের অর্থায়নে নদীর ওপর একটি কাঠের ব্রিজ নির্মাণ করেন।
বুধবার সকালে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার নেতাকর্মীদের নিয়ে ব্রিজটি পরিদর্শনে যান। এ সময় এমপিসহ কয়েকজন ব্রিজের ওপর উঠলে হঠাৎ এর পেছনের অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতাকর্মী নদীর ধারে পড়ে যান। এমপি অক্ষত থাকলেও ঘটনায় তিনজন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, এমপি ব্রিজটি পরিদর্শনের জন্য ওপর উঠলে একসঙ্গে অনেক মানুষ উঠে পড়েন। একপর্যায়ে অতিরিক্ত চাপের কারণে ব্রিজটি ভেঙে কয়েকজন নিচে পড়ে যান।
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, স্থানীয়দের অর্থায়নে ব্রিজটি তৈরি করা হয়েছিল। এমপি পরিদর্শনে যাওয়ার পর সেটি ভেঙে পড়ে।
এ বিষয়ে সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। তিনি ও নেতাকর্মীরা পরিদর্শনে উঠলে ব্রিজটির পেছনের অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজনের পোশাক ছিঁড়ে যায় এবং তিনজন আহত হন। এলাকাবাসীর দুর্ভোগ দূর করতে সরকারি অর্থায়নে সেখানে স্থায়ী ব্রিজ নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
ঘটনায় গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।