তামিল তারকা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গমের ২৭ বছরের দাম্পত্য ঘিরে বিচ্ছেদের জল্পনায় নতুন মোড় এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে চেঙ্গালপট্টু ফ্যামিলি কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি বিজয়ের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও প্রতারণার অভিযোগ তুলেছিলেন বলে জানা যায়।

তবে সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হয়ে হঠাৎ করেই সেই আবেদন প্রত্যাহার করে নেন সঙ্গীতা। বিজয়ের পক্ষ থেকেও এতে কোনো আপত্তি জানানো হয়নি। পরে আদালত আবেদন প্রত্যাহারের অনুমতি দেন। তবে ঠিক কী কারণে সঙ্গীতা বিচ্ছেদের মামলা থেকে সরে এলেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ্যে আসেনি।

এর মধ্যেই ঘটনা আরও আলোচনায় আসে জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনের একটি রহস্যময় সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে ঘিরে। সঙ্গীতা মামলা প্রত্যাহারের চার দিনের মাথায় ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃষা। সেখানে তিনি কারও নাম উল্লেখ না করে এমন কিছু কথা লেখেন, যা বিজয় ও তার পারিবারিক বিষয়কে ঘিরে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।

বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে এর আগেও দক্ষিণী বিনোদন অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়েছে। ‘গিলি’, ‘থিরুপাচি’, ‘কুরুভি’ ও ‘লিও’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। পর্দার বাইরেও বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের ঘিরে আলোচনা তৈরি হয়েছিল।

বিশেষ করে চেন্নাইয়ের একটি বিয়ের অনুষ্ঠান, বিজয়ের রাজনৈতিক সাফল্য এবং জন্মদিনের বিভিন্ন আয়োজনে তৃষার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়েছে। এবার সঙ্গীতার বিচ্ছেদের আবেদন প্রত্যাহারের পর তৃষার রহস্যময় পোস্ট সেই পুরোনো গুঞ্জনকে আবারও সামনে নিয়ে এসেছে।

তবে তৃষা তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি। ফলে তার মন্তব্য আদৌ বিজয়ের পারিবারিক বিষয়কে উদ্দেশ করে করা হয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে দক্ষিণী বিনোদন অঙ্গনে জল্পনা চললেও সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।