শেরপুরের নালিতাবাড়ীতে ১৪ পিস ইয়াবাসহ স্থানীয় জনতার হাতে আটকের ঘটনায় বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাতে জেলা ছাত্রদলের সভাপতি মো. নাইম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ছাদেক হোসেন। জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকায় দেলোয়ার, ছাদেক ও ফারুক মিয়াকে মাদক পাচারের সন্দেহে আটক করেন স্থানীয়রা। পরে তাদের একটি ঘরে আটকে মারধর করা হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটক তিনজনের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন তিনজনকে আটক করার পর তাদের কাছ থেকে ১৪টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।