মৌলভীবাজারের বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে একটি র‍্যালি বের করা হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত যুব সমাবেশে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের মৌলভীবাজার জেলা সদস্য এবং বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন। উপজেলা সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং পেশাজীবী বিভাগের সভাপতি মো. আব্দুল মোহাইমিন, উপজেলা যুব বিভাগের সহসভাপতি ও কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহসেক্রেটারি তাওহীদ সারওয়ার মান্না, আজিজুর রহমান আতিক, পৌরসভা সভাপতি ছায়েদ আহমদ ছাদ, যুব নেতা উমেদ আলী, আব্দুস সামাদ রুহেল ও জাবের আহমদ।

বক্তারা যুবসমাজকে দেশ ও সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। তারা যুবকদের দক্ষতা উন্নয়ন, ক্রীড়া চর্চা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে বেলা ২টার দিকে শহরে র‍্যালি বের করা হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুব ও ক্রীড়া বিভাগের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দেলোয়ার হোসেন, আখলাকুল ইসলাম, নাবিত আলম, দেলাওয়ার হোসাইন, ফয়সল আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।