কুমিল্লার মুরাদনগরে অগ্নিকাণ্ডে এক দরিদ্র কৃষকের চারটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা। গবাদিপশুগুলোই তার পরিবারের আয়ের প্রধান অবলম্বন ছিল বলে জানা গেছে।

বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী চকের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কালা মিয়ার ছেলে মোস্তফার গোয়ালঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। গবাদিপশুর ডাক ও আগুনের তাপ টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এলেও আগুনের তীব্রতার কারণে গোয়ালঘরে থাকা চারটি গরু ও চারটি ছাগল বের করে আনা সম্ভব হয়নি। পরে আগুনে পুড়ে ঘটনাস্থলেই আটটি পশুর মৃত্যু হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা বলেন, গবাদিপশুগুলোই ছিল তার পরিবারের আয়ের মূল সম্বল। রাতের আঁধারে ঘুম থেকে উঠে আগুন দেখতে পান, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। এতে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষককে ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।