সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গোপন ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১০ আগস্ট) হাইকোর্ট থেকে তিনি এই আগাম জামিন পান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অনৈতিক সম্পর্ক ও গোপন ভিডিওকে কেন্দ্র করে ব্ল্যাকমেইলের অভিযোগে রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টা মামলাটি করা হয়। মামলার বাদী ওবায়দুল রহমান একসময় গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন।
এজাহারে ওবায়দুল রহমান অভিযোগ করেন, তার ভাগ্নির সঙ্গে গাজী নজরুল ইসলামের অনৈতিক সম্পর্কের বিষয়টি জানতে পেরে তিনি পরিবারকে জানান এবং সংসদ সদস্যকে এ ধরনের সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
পরে একটি চক্র গোপন ভিডিও ব্যবহার করে গাজী নজরুল ইসলামকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। এ ঘটনায় সংসদ সদস্যের সন্দেহ হয়, তার সাবেক গাড়িচালক ওবায়দুল ওই ভিডিও সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট চক্রের কাছে সরবরাহ করেছেন।
এ বিরোধের জেরে গত ১৪ জুলাই পল্লবীর কালশী এলাকার একটি বাসায় ওবায়দুলকে লাঠি দিয়ে মারধর এবং একপর্যায়ে গলা টিপে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।
মামলায় গাজী নজরুল ইসলামসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।
এ মামলার আসামি আমিনুর রহমানকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। গত ২২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তার জামিনের আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, মামলাটি তদন্ত করে আগামী ২৮ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন আদালত।