‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) পাঁচবিবি মডেল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জ্বালানির অপচয় রোধ, সাশ্রয়ী ব্যবহার ও জ্বালানি নিরাপত্তা নিয়ে জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জহুরুল ইসলাম তরফদার রুকু, বীর মুক্তিযোদ্ধা, পাঁচবিবি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ শাহ আলম, চৌধুরী ব্রাদার্স ফিলিং স্টেশনের আবুল কালাম চৌধুরী, পাঁচবিবি উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও পাঁচবিবি মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শফিকুল আলম চৌধুরী, উপদেষ্টা বাবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামগ্রিক উন্নয়নে জ্বালানি নিরাপত্তার গুরুত্ব অপরিসীম। জ্বালানির সঠিক ব্যবহার, অপচয় বন্ধ এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও নিরাপদ জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

এ সময় জ্বালানি ব্যবহারে সবাইকে দায়িত্বশীল ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান বক্তারা।

পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি বদরুদ্দোজা সবুজের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী।

অনুষ্ঠানে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।