ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগকে কেন্দ্র করে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে হল কর্তৃপক্ষ। তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়ার দাবি করে তাদের হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়েও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
হল সংসদের জিএস আহমেদ আল সাবাহর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, অভিযোগ পাওয়ার পর শাস্তির দাবিতে প্রশাসনের কাছে আবেদন করা হয়। পরে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযোগের পক্ষে ‘অকাট্য প্রমাণ’ পাওয়ার দাবি করে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
হল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আফিফ হাসান নীরব এবং মার্কেটিং বিভাগের আরিফুল হক শুভ। দুজনই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বার্তায় আরও বলা হয়, স্থানীয় অভিভাবকদের উপস্থিতিতে তাদের তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে।
তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের বিষয়েও প্রশাসনিক প্রক্রিয়া চলছে বলে দাবি করা হয়েছে।
তবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, তদন্ত কমিটির প্রতিবেদন কিংবা অভিযুক্ত দুই শিক্ষার্থীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে হল সংসদের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, হল সংসদের বার্তায় একজন শিক্ষার্থীর পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবিও করা হয়েছে। তবে এ দাবির পক্ষে স্বাধীন কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।